
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।
রোববার (৮ মার্চ) ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এই মন্তব্য করেন। মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।” তিনি আরও বলেন, “আমি চাই না, পাঁচ বছর পর মানুষকে একই পরিস্থিতিতে ফিরতে হোক বা নতুন করে যুদ্ধ বা সামরিক অভিযান চালাতে হোক। অথবা এর চেয়েও খারাপ কিছু ঘটুক—যেমন তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসা।”
ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনে বিদেশি শক্তির কোনো প্রভাব খাটানো যাবে না। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “নতুন নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের জনগণের ওপর নির্ভর করে। জনগণের ভোটে নির্বাচিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে।”
ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের ফেলো বারবারা স্লাভিন আল–জাজিরাকে জানান, ট্রাম্প এর আগে মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও ইঙ্গিত দিয়েছেন যে তিনি মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিতে চান না।