
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪৬ জন। এছাড়া নিশ্চিত ও উপসর্গযুক্ত হাম রোগীর সংখ্যা ৭৬৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮৯ শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ শিশু। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে।
এদিকে হাম পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে চাপও বাড়ছে। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৯ হাজার ৭৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। পাশাপাশি শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।