
দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, “প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং সেসব ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।” তিনি আরও জানান, হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তা গণমাধ্যমকে জানানো হবে।
‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকায়।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ শিশু। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন।