
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়- সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
শনিবার (১০ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বাণীতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক সদস্যকে পেশাদারত্বের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীরা যেন তাদের প্রাপ্য আইনি সেবা দ্রুত ও যথাযথভাবে পান, সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, “প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়—সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তার বাণীতে বলেন, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে বাহিনীকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করে তোলার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।” জনগণের পুলিশ হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে ১০ থেকে ১৩ মে পর্যন্ত।