
দেশজুড়ে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৫ জনে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, সর্বশেষ একদিনে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত প্রায় দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৫৪ জন। বাকি ২৬৩ শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন।
সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি, যা ২৩ হাজার ৩৬০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।