
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়ের অন্ধ সমর্থকদের বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ তুলেছেন অভিনেত্রী জুলি। তাঁর দাবি, বিজয়পন্থীদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং, কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধারাবাহিক মানসিক নির্যাতনের ফলে তিনি চরম মানসিক চাপের শিকার হন, যার পরিণতিতে তাঁর গর্ভপাত ঘটেছে।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুলি তাঁর কষ্টের কথা তুলে ধরেন। তিনি জানান, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে এবং তাঁর স্বামীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালানো হয়।
জুলি সরাসরি বলেন, "আমার সন্তান হারানোর জন্য বিজয় দায়ী।" তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, থালাপথি বিজয় নিজে ব্যক্তিগতভাবে এর সাথে জড়িত নন। বরং বিজয়ের নাম ভাঙিয়ে যারা এই হয়রানি করছে, তাদের লাগাম টেনে ধরতে বিজয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াকেই তিনি মূল কারণ হিসেবে দেখছেন।
জুলি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পর তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’র মতো মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর চরিত্রহনন করার চেষ্টা করা হয়েছে। তাঁর মতে, এটি একটি সুসংগঠিত অপপ্রচার যা তাঁকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসেই জুলি এই অনলাইন হয়রানির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। প্রাথমিক অভিযোগে আটজনের নাম উল্লেখ থাকলেও পুলিশ জানায়, বিষয়টি ফৌজদারি অপরাধের চেয়ে দেওয়ানি মানহানির আওতায় আসার সম্ভাবনা বেশি।
জুলি মনে করেন, বড় মাপের রাজনৈতিক নেতা বা জননন্দিত তারকাদের উচিত তাঁদের অনুসারীদের আচরণের প্রতি আরও দায়িত্বশীল হওয়া। সমর্থকদের এমন উগ্র আচরণ বন্ধে নেতাদের কঠোর বার্তা দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এখন পর্যন্ত এই গুরুতর অভিযোগের বিষয়ে থালাপথি বিজয় কিংবা তাঁর রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।