
পবিত্র ঈদুল আজহার বিশেষ বিনোদন আয়োজনে ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী জেবা জান্নাতকে নতুন একটি ধারাবাহিকে দেখতে পাবেন দর্শকরা। ঈদের দিন থেকেই বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে তার অভিনীত বিশেষ ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’।
তারিক মুহাম্মদ হাসান রচিত ও পরিচালিত এই নাটকে জেবা জান্নাতের বিপরীতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সবুজ আহমেদ। এছাড়া নাটকটির গল্পে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সোহাগকে।
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় গল্পের সাত পর্বের সাতটি বিশেষ ধারাবাহিক নাটক নির্মাণ করেছে বৈশাখী টেলিভিশন। দেশের একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই নাটকগুলো ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ ও কৌতুহল তৈরি হয়েছে।
এই বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবেই ঈদের দিন (আজ) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’র প্রথম পর্ব। ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে আলোচনায় আসা জেবা জান্নাতের এই নতুন নাটকটি ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে আশা করছেন নির্মাতা ও কলাকুশলীরা।