
বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর তুমুল জনপ্রিয় প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের ফাইনাল ট্রেলার প্রকাশ করেছে ওটিটি জায়ান্ট এইচবিও (HBO)। ট্রেলার প্রকাশের পাশাপাশি বহুল প্রতীক্ষিত এই সিজনটি মুক্তির চূড়ান্ত তারিখও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আগামী ২১ জুন থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্স (HBO Max) প্ল্যাটফর্মে শুরু হচ্ছে নতুন এই সিজনের সম্প্রচার। মোট ৮ পর্বের এই সিজনের নতুন পর্বগুলো প্রতি রোববার করে মুক্তি পাবে এবং আগামী ৯ আগস্ট ফাইনাল এপিসোডের মাধ্যমে সিজনটির সমাপ্তি ঘটবে।
ড্রাগনদের মহাকাব্যিক যুদ্ধ ও মূল কাহিনি
‘গেম অব থ্রোনস’-এর মূল কাহিনির প্রায় ২০০ বছর আগের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিরিজটির নতুন ট্রেলারে টারগেরিয়ান বংশের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের (ড্যান্স অব দ্য ড্রাগনস) এক ভয়াবহ ও রোমাঞ্চকর রূপ তুলে ধরা হয়েছে। বিশেষ করে ট্রেলারে ড্রাগনদের আকাশ ও সমুদ্রজুড়ে মহাকাব্যিক যুদ্ধের দৃশ্যগুলো দর্শকদের মাঝে তুমুল হাইপ তৈরি করেছে।
নির্মাতারা জানিয়েছেন, প্রখ্যাত লেখক জর্জ আর. আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাসের অন্যতম রক্তক্ষয়ী ও বিধ্বংসী সংঘর্ষ ‘ব্যাটল অব দ্য গুলেট’ (Battle of the Gullet) দিয়েই শুরু হবে তৃতীয় সিজন। সিরিজের শো-রানার রায়ান কোন্ডাল দাবি করেছেন, এই যুদ্ধটি টেলিভিশন ইতিহাসের অন্যতম বড়, ব্যয়বহুল ও জটিল পর্ব হতে যাচ্ছে।
