
বলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর তালিকায় ‘থ্রি ইডিয়টস’-এর নাম আজও আলাদা করে উচ্চারিত হয়। হাসি, বন্ধুত্ব আর জীবনের গভীর বার্তায় ভরপুর এই সিনেমার চরিত্রগুলো এখনও দর্শকের স্মৃতিতে জীবন্ত। বহুদিন ধরেই ছবিটির সিক্যুয়েল নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই অপেক্ষার পথেই মিলল নতুন ইঙ্গিত। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভিকি কৌশলের নাম।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থ্রি ইডিয়টস ২’-এ আগের গল্পের পর প্রায় এক দশক পেরিয়ে যাওয়া সময়কে দেখানো হবে। সেই নতুন অধ্যায়েই নাকি যুক্ত হতে পারেন ভিকি। অর্থাৎ, র্যাঞ্চো, রাজু আর ফারহানের দুনিয়ায় এবার যোগ হতে পারে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র।
জানা গেছে, এ নিয়ে ইতোমধ্যেই আমির খান ও পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন ভিকি কৌশল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ার ব্যাপারে তিনিও আগ্রহ দেখিয়েছেন। প্রাথমিকভাবে তিনি ছবিটিতে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
সিক্যুয়েলের বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন আমির খানও। এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিচালক রাজকুমার হিরানি ও লেখক অভিজিৎ জোশি নতুন ছবির জন্য শক্তিশালী চিত্রনাট্য তৈরি করছেন। আমিরের ভাষায়, ‘গল্পটি অসাধারণ লেগেছে আমার কাছে। চিত্রনাট্যের কাজ এখনও কিছুটা বাকি থাকলেও এটি আগের সিনেমার মতোই শক্তিশালী, ব্যতিক্রমী এবং হাস্যরসে ভরপুর হবে।’
দীর্ঘ সময় পর আবারও ‘ফুংসুখ ওয়াংডু’ চরিত্রে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন আমির। অন্যদিকে ভিকি কৌশল এখন ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। পাশাপাশি ‘মহাবতার’ সিনেমার কাজ শেষ করেই তিনি নতুন এই প্রজেক্টে যুক্ত হতে পারেন বলে আলোচনা চলছে।
সবকিছু ঠিক থাকলে, এক সময়ের তিন বন্ধুর সেই পরিচিত যাত্রায় এবার নতুন একজন সঙ্গী যোগ হতে পারেন। আর তাতেই হয়তো ‘থ্রি ইডিয়টস’-এর পুরোনো আবেগ ফিরবে এক ভিন্ন রূপে।