
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে ৭৫০০ টাকা করে নগদ অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হাওর অঞ্চলে হঠাৎ পানির উচ্চতা বেড়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও অনেক এলাকায় পানি নেমে গিয়ে আংশিক ফসল কাটা সম্ভব হয়েছে, তবুও ক্ষতিগ্রস্তদের পাশে সরকার দাঁড়াচ্ছে।
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ৭,৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে।’
শুধু কৃষি সহায়তাই নয়, বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য বড় পরিসরে ভোগ্যপণ্য সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ ৩০ হাজার লিটার পরিশোধিত পাম তেল কেনার অনুমোদন দিয়েছে, যা নিম্নআয়ের কার্ডধারীদের জন্য সংরক্ষণ করা হবে।
এই পাম তেল কেনায় সরকারের ব্যয় হবে ১৮১ কোটি টাকারও বেশি। পাশাপাশি স্থানীয়ভাবে ২ হাজার টন ডাল কেনার উদ্যোগও নেওয়া হয়েছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান স্বীকার করেন, দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক অগ্রগতি প্রত্যাশার তুলনায় কিছুটা কম হয়েছে। তবে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান অগ্রগতি বেশি।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য সংকটে থাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকা। এ কারণেই টিসিবির কার্যক্রম ও পণ্য সংগ্রহ বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।