
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তিটি বর্তমান সরকার পূর্ববর্তী সময় থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এখন সরকারের লক্ষ্য হচ্ছে এই চুক্তিকে দেশের স্বার্থে সর্বোচ্চভাবে কাজে লাগানো।
মঙ্গলবার (৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ব্রেন্ডান লিঞ্চ, তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গঠিত। তাই এটি একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা সম্ভব নয়। প্রতিটি চুক্তিতেই উভয় পক্ষ নিজেদের স্বার্থ রক্ষা করে, যার ফলে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়।
তিনি আরও জানান, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের জন্য অনুকূল না হয়, তাহলে তা আলোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
চুক্তি নিয়ে অযথা উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং এ বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
এছাড়া যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার আওতায় বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের ক্ষেত্রে এমন তদন্ত শুরু না হলে সেটিই ইতিবাচক হিসেবে বিবেচিত হবে বলে বিষয়টি বৈঠকে প্রতিনিধিদলকে জানানো হয়েছে।