
জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন’ ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।
গত ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে তার সহকর্মী ও দেশের প্রতি উৎসর্গ করেন।
সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে ‘আলী’ এই সম্মাননা পেয়েছে। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে ‘স্পেশাল মেনশন’ অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছিল সিনেমাটি।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর ‘আলী’, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক বাধার বিরুদ্ধে লড়ে সংগীত জগতে নিজের পরিচয় গড়ে তুলতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন।
ইউরোপের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে ‘আলী’র এই অর্জন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।