
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে জন টার্নাসের নাম ঘোষণা করেছে। বর্তমানে তিনি কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর টার্নাস আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত আছেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য উন্নয়নে ভূমিকা রেখেছেন।
বর্তমান প্রধান নির্বাহী টিম কুক দায়িত্ব থেকে সরে গিয়ে এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। প্রায় ১৫ বছর ধরে অ্যাপলকে নেতৃত্ব দেওয়ার পর তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০১১ সালে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর থেকে টিম কুক প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে কুক গ্রীষ্মকালজুড়ে সিইও হিসেবে দায়িত্বে থাকবেন। পরবর্তীতে তিনি কোম্পানির কিছু নির্দিষ্ট বিষয়ে, বিশেষ করে বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে সহায়তা করবেন।
গত কয়েক মাস ধরেই অ্যাপল নতুন নেতৃত্ব খুঁজছে—এমন গুঞ্জন চলছিল। সেই প্রেক্ষাপটেই কুকের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এসেছে।
নিজের দায়িত্ব পালনকালকে ‘জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ’ হিসেবে উল্লেখ করে কুক বলেন, তার নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে।
২০১৮ সালে অ্যাপল প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে কোম্পানিটির মূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।