
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি দিলে ওই দিনই ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রত্যাশিত ফল না পেয়ে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা প্রায় ৪ লাখ পরীক্ষার্থী এখন ফলের অপেক্ষায় রয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (২০ আগস্ট) জানান, ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। সে হিসাবে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হবে।
গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এ পরীক্ষায় মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ফল প্রকাশের পরদিন থেকে ১৭ আগস্ট পর্যন্ত পরীক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।