
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আবারও শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষা পর্বের নতুন সূচনা হবে। সংশোধিত সূচি অনুযায়ী, এসব পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া পরীক্ষার তালিকায় রয়েছে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, আরবি ও পালি, রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের বিভিন্ন পত্র।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে কার্যক্রম শুরু হবে। ২২ আগস্ট অনুষ্ঠিত হবে আইসিটি পরীক্ষা। ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা হবে। সংশ্লিষ্ট বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
এরপর ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে।
গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অবশ্য পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত আলিম পরীক্ষার ১১টি বিষয়ের পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, হাদিস ও উসূলুল হাদিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, তাজবিদ প্রথম পত্র এবং আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র।
নতুন সূচি অনুযায়ী, ২০ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড ২৬৭), ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র (২৬৮), ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র (২৬৯) এবং ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র (২০৬) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস (২০২) এবং ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৪০) পরীক্ষা নেওয়া হবে। ৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ, বিষয় কোড ২১০), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়, ২২৪) এবং তাজবিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ, ২৩২) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র (২০৩) এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্র (২০৪) পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত আলিম পরীক্ষার লিখিত অংশ শেষ হবে।
বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার এসব বিষয় স্থগিত করা হয়েছিল। গত ৯ আগস্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। সেখানে বিশেষ প্রয়োজনে সময়সূচি পরিবর্তনের সুযোগ রাখার কথাও জানানো হয়েছে।
আলিম পরীক্ষার্থীদেরও পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। সংশোধিত সূচি অনুযায়ী, ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।
দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে ১৯ আগস্টের বিজ্ঞপ্তিতে পরীক্ষা শেষে সেদিনই উত্তরপত্র বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা শেষ হওয়ার পর কোনো বিলম্ব না করে উত্তরপত্র সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের (জিইপি) মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, ঢাকা-১২১১ ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
উত্তরপত্র নির্ধারিত নিয়মে প্যাকেটজাত ও সিলগালা করে পাঠানোর পাশাপাশি তা পাঠানোর বিষয়টি বোর্ডকে জানাতে হবে। এ বিষয়ে ১৩ আগস্ট জারি করা আগের পত্রটি বাতিল করা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্পর্কে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে তথ্য নিতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যবহারিক উত্তরপত্রে প্রবেশপত্রে উল্লেখ থাকা কেন্দ্র কোড লেখার নির্দেশ দেওয়া হয়েছে।