
বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতা সংগ্রহের মাধ্যমে দেহব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশিদের টার্গেট করে দেহব্যবসার জন্য ক্রেতা সংগ্রহ করত। এ কাজে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৪০০ রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার জালান কুচাই লামার একটি আবাসিক ভবন এবং জালান গেলুগরের একটি বাণিজ্যিক স্থাপনায় অভিযান চালানো হয়। অভিযানের আগে দুই সপ্তাহ ধরে ওই দুটি স্থানে নজরদারি চালানো হয়েছিল।
অভিযানে মিয়ানমারের তিন পুরুষসহ মোট ২৩ জনকে আটক করা হয়। আটক নারীদের মধ্যে তিনজন বাংলাদেশি, ১৪ জন ইন্দোনেশীয়, দুজন ভিয়েতনামি এবং একজন মিয়ানমারের নাগরিক। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের কারও কাছেই বৈধ অভিবাসন নথি পাওয়া যায়নি।
জাকারিয়া শাবান বলেন, একজন বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারী চক্রটির মূল হোতা। তারা নারীদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে দেহব্যবসায় বাধ্য করতেন। এ ঘটনায় মালয়েশিয়ার একজন নাগরিককেও আটক করা হয়েছে। তিনি ওই দুটি স্থাপনার নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জানান, আবাসিক ভবনে ৬০ মিনিটের জন্য ২০০ রিঙ্গিত এবং বাণিজ্যিক ভবনে ৯০ মিনিটের জন্য ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো। গত দুই মাস ধরে ওই চক্র তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।