
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে এ-সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে মোজাফফর জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান।
তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, এর পর ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন কর্নেল মতিউর রহমান। তবে জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মোজাফফরকে আগামীকাল সোমবারও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৩ জুলাই মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। তাকে ওই মামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।