
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে করা এসব মামলার বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে কর-সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি কয়েকশ কোটি টাকা।
এ ছাড়া শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫০টি।
তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, তার মক্কেল ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।