
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, আসামিদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন।
শনিবার গুলশান এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। একই ঘটনায় ওই দিন আরও ২৪ আসামিকে আদালতে হাজির করা হলে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।