
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দিয়েছেন হাইকোর্ট। গত ১০ সেপ্টেম্বর দেওয়া এই রায়কে কেন্দ্র করে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান কর মামলাগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে করা এসব মামলা বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে করসংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি কয়েকশ কোটি টাকা।
এ ছাড়া শ্রম আদালত ও শ্রম আপিলেট ট্রাইব্যুনালেও ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।
তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তার অভিযোগ, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।