
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময় আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ কার্যক্রম শেষ হবে। এরপর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। চূড়ান্ত যাত্রীসংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ গ্রহণ, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
তবে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।