
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা ১১ আসনের বিজয়ী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যালট পেপার, ফলাফল শিট ও অন্যান্য নির্বাচনি উপকরণ নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ কারচুপির অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দেন। মামলাটি করেছিলেন কুমিল্লা ১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদা।
একই আদেশে হাইকোর্ট ময়মনসিংহ ২ এবং সিরাজগঞ্জ ৪ আসনের ব্যালট পেপার, ফলাফল শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি ইসির হেফাজতে রাখার নির্দেশও দিয়েছেন। ময়মনসিংহ ২ আসনের মোতাহের হোসেন তালুকদার এবং সিরাজগঞ্জ ৪ আসনের এম. আকবর আলীও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০-এর বেশি প্রার্থী হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে আবেদন করেছিলেন। হাইকোর্ট শুনানির জন্য এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট এবং প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন।
গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দাখিলকৃত ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে এই একক বেঞ্চ এসব মামলার শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে যে, এই বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারসহ ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী বিষয়ক আবেদনের রুল গ্রহণ ও শুনানি পরিচালনা করবে।