
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেন রাজধানীর রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।
তিনি বলেন, “ইতোমধ্যে আমরা আদালতে মামলাটির আবেদন জমা দিয়েছি। বেলা ১১টার দিকে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।”
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বেশি করে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ বাদী ফেসবুকে দেখতে পান যে, পাটওয়ারীর বক্তব্য হুবহু উদ্ধৃত করে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
“বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিয়ে নাম্বার ওয়ান গডফাদার ‘মির্জা আব্বাস’ - এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ।”
অভিযোগ অনুযায়ী, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা মির্জা আব্বাসের সম্মানহানির কারণ হয়েছে।
মামলার আবেদনে আরও বলা হয়েছে, ফেসবুকে এসব মন্তব্য দেখে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। দেশের কোটি কোটি মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য দেখেছেন বলে উল্লেখ করা হয়। অভিযোগে দাবি করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং পরিকল্পিতভাবে মির্জা আব্বাস ও বাদীর সুনাম ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে, যা শালীনতা ও সামাজিক রীতিনীতির পরিপন্থী এবং মানহানিকর।