
দেশের সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির সিলিন্ডারের জন্য ৪১০ টাকা বৃদ্ধি করে নতুন দাম ১,২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং সমস্যা তৈরি হচ্ছে।
এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে।”
এর আগে, বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল। তখনও ক্রসফিলিং সমস্যার কারণে, ডিলার পর্যায়ের স্থানীয় পরিবহন, অপারেশন খরচ এবং অন্যান্য চার্জ বৃদ্ধির কারণ দেখিয়ে দাম বাড়ানোর দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বাতিল করেছিল।