
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামীলীগ বিএনপিকে শেষ করতে চেয়েছিল, নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। বরং আওয়ামীলীগই দেশ ছেড়ে পালিয়েছে। তাই আপনাদের বলে দিতে চাই, যদি বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে জনগণকে বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান, তাহলে এদেশের মানুষকে সাথে আপনাদের ষড়যন্ত্র মোকাবেল করবো, বিএনপি মাঠ ছেড়ে পালাবে না।
বুধবার (০২সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাত্তার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাদ্য বাজনা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নেচে গেয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিটি ঈশ্বরদীর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেটে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়া ঈশ্বরদীর উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় কিছু নামধারী বিএনপি নেতাকর্মীরা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অপকর্ম করছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে দিয়ে নেতাকর্মীদের আরো সু-সংগঠিত করার আহবান জানান তারা। এছাড়াও বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করতে পারবে না বলেও হুশিয়ারি করেন নেতারা।