
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রীয় এলাকায় বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। হামলার পর আহত ছয়জনকে চিকিৎসার জন্য হেনেপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তারা বন্দুক হামলার খবর পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ডজন পুলিশের গাড়ি ও বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তবে হামলার পরও আশপাশের এলাকায় পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি বলে জানিয়েছে সিএনএন।
হামলার স্থানটির কাছেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে একটি আবাসিক ভবন, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টার, কয়েকটি হোটেল এবং একটি হাসপাতাল রয়েছে।
নিরাপত্তার স্বার্থে কাছাকাছি অবস্থিত সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস ক্যাম্পাসও বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র সিএনএনকে জানান, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানিয়েছেন, তার জননিরাপত্তা দল ঘটনাটি নিয়ে কাজ করছে। রাজ্য সরকারের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওয়ালজ বলেন, ‘মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।’
ওয়ালজ আরও বলেন, ‘মিনেসোটা রাজ্য জরুরি সেবাকর্মীদের জন্য প্রার্থনা করছে।’
এদিকে বন্দুক হামলার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, ওই এলাকায় সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর তাদের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)ও মিনিয়াপোলিসের বন্দুক হামলার বিষয়টি তারা অবগত থাকার কথা জানিয়েছে। সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জড়িত থাকার এই বন্দুক হামলার বিষয়ে এফবিআই জানে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।