
ভোলার চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামে দুইজনকে আটক করা হয়। হাছনাইন মো. হোসেনের ছেলে এবং হাফেজ আহম্মদউল্ল্যাহর ছেলে বলে পুলিশ জানিয়েছে। আটক দুজনের একজন চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এবং অপরজন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চরফ্যাশন থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১৬৬/২০২৬।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।