
গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের সিএনজি অটোরিকশা চলাচল। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় কোথাও যানবাহনের সংখ্যা কমে গেছে, আবার কোথাও গ্যাসের জন্য তৈরি হয়েছে দীর্ঘ সারি। এতে চালকদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।
ভুক্তভোগী চালকরা বলেন, ‘চট্টগ্রাম শহরের সব ফিলিং স্টেশনে একই অবস্থা। কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ লাইন।’
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া যাচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই বলে জানান তারা।
গ্যাসের অভাবে সড়কে সিএনজি অটোরিকশার চলাচল কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। নগরের বিভিন্ন স্টেশনে গিয়েও গ্যাস না পেয়ে অনেক অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।
এর মধ্যে সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট দেখা দিয়েছে।
ষোলশহর এলাকার ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। চালকদের সরানোর চেষ্টা চলছে।
তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক থেকে সরে যেতে রাজি নন চালকরা।