
ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আলোচিত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার কাজিরচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র কয়েকজন সহযোগী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মনপুরা আউটপোস্টের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে স্বপন বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আটক নূর উদ্দিন রুবেল ও বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানান তিনি।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট সালমান বিন শওকত।
এর আগে গত ২১ জুলাই দিবাগত রাত ১১টা থেকে টানা ১৬ ঘণ্টার অভিযানে মনপুরার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকা থেকে ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন ডাকাতকে আটক করে কোস্ট গার্ড। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।