
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির এক নেতাসহ আরও দুজন আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কাছুম আলী (৬৫) উপজেলার ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং বিএনপির কর্মী। আহতরা হলেন বিএনপি নেতা রমিজ মেম্বার ও হিরু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের যুবদল নেতা জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন বিএনপি নেতা রমিজ মেম্বারসহ স্থানীয় কয়েকজন।
এ নিয়ে বিরোধের জেরে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এ সময় প্রতিপক্ষের হামলায় কাছুম আলী নিহত হন। হামলায় রমিজ মেম্বার ও হিরু মিয়াও আহত হন।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম বলেন, ‘কাছুম আলী ও রমিজ মেম্বার অবৈধ বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলীর মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।’
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ‘এ সময় যুবদল নেতা জুম্মন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বিএনপি নেতা রমিজ মেম্বারের লোকজনকে ধাওয়া করেন।’
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেডফ্ল্যাগ শব্দ: নেই