
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আছরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) আছরের নামাজের সময় পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া (৬৫) পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও তিনি জামাতের সঙ্গে আছরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। আছরের নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।