
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় মানবসেবামূলক উদ্যোগের অংশ হিসেবে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ এবং চশমা প্রদান করা হয়েছে।
হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশন এবং ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাব পৌরসভার যৌথ উদ্যোগে, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তাদের বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। পরীক্ষায় ৭৫ জনের চোখে ছানি শনাক্ত হয়। আয়োজকরা জানান, তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা দক্ষিণের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. তানভীর হাসান মিলন এবং বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট রাসেদুল ইসলাম।
মো. নজরুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।
বক্তারা মানবসেবার গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন তারাব পৌরসভার জলাবদ্ধতা, গ্যাস সংকট, মাদক, সন্ত্রাস ও কর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন মাদক, সন্ত্রাস ও সুদভিত্তিক অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি মো. হাফিজুর রহমান ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন।
এ সময় চিকিৎসক মোবারক উল্লাহ, মো. কাউসার, মো. আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুল বলেন, মানুষের কল্যাণে হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বৃহত্তর পরিসরে পরিচালিত হবে।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা।