
কিচেন কেবিনেট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলা আলোচনা ও বিতর্কের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের কথিত ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না তিনি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও একাধিক মন্তব্য করেছেন সাবেক এই উপদেষ্টা।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। এর আগে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের ভেতরে ‘কিচেন কেবিনেট’ থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর থেকেই রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা শুরু হয় এবং কয়েকজন সাবেক ছাত্রনেতার নামও আলোচনায় আসে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমি কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না।’ একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ওই চুক্তি নিয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন। আসিফ মাহমুদের ভাষ্য, ওই চুক্তি তারেক রহমানের উদ্যোগেই সম্পন্ন হয়েছে। চুক্তিতে পরিবর্তন বা বাতিলের প্রয়োজন হলে বিএনপিই তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিল করেছে।
সংবাদ সম্মেলনে দেশের ক্রীড়াঙ্গন নিয়েও কথা বলেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এবারের নির্বাচনে কেউ ব্যক্তিগত যোগ্যতায় কাউন্সিলর হননি, বরং ‘বাবার পরিচয়ে’ জায়গা পেয়েছেন অনেকে। তার অভিযোগ, বিএনপি ক্রীড়াঙ্গনকে পরিবারকেন্দ্রিক করে ফেলেছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তবে আসিফ মাহমুদের এসব বক্তব্যের বিষয়ে বিএনপি কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।