
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার (২৭ মে) সকাল ৭ টায় রামগঞ্জ উপজেলার পার্ক এভিনিউ জাহাঙ্গীর টাওয়ারে খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।
রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করেন রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মো. রুহুল আমিন। এ ছাড়া এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
পরে এসব মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তাদের পশু কোরবানি করেন।
এছাড়া ঈদকে কেন্দ্র করে ঈদগাহ এলাকায় বসেছে মেলা। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষকে মেলায় কেনাকাটা করতে দেখা যায়।
মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৯ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহের ইমাম রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা রুহুল আমিন বলেন, এক সময় বিজ্ঞানের এমন উৎকর্ষ না থাকায় সংবাদ আদান-প্রদান সম্ভব হতো না। তবে বিজ্ঞানের এ যুগে সেই মাসআলা গ্রহণযোগ্য না। চার মাজহাবের মতের পৃথিবীর একপ্রান্তে প্রথম দর্শনীয় হচ্ছে অপর প্রান্তের পালনীয়। সে অনুযায়ী আমরা ধর্মীয় সব কার্যক্রম পালন করে আসছি। আগামীতেও আল্লাহর সন্তুষ্টি লাভে পালন করে যাব, ইনশাল্লাহ।