
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রশিদ বই এবং নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র শহরের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে। পরে তাদের সদর সেনা শিবিরে নেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত চালকদের অভিযোগ, তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছিল। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, শ্রমিকদের কল্যাণে ব্যয়ের উদ্দেশ্যেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছিল।