
হবিগঞ্জ-এর মাধবপুর এলাকায় জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মাধবপুরের মনতলা স্টেশন অতিক্রমের সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে জানিয়েছেন, এখন পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়েছে এবং বাকি বগিগুলো সরানোর কাজ চলছে।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করে এবং লাইনচ্যুত বগি থেকে তেল লুটের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বর্ডার গার্ড বাংলাদেশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, তারা প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছেন এবং লুটপাট বন্ধ করতে সক্ষম হয়েছেন।
ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমে কাজ করছে।