
নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি স্থানীয় এক আওয়ামীলিগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে তাঁর স্বজনরা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া ওই ইউপি সদস্যের নাম নিজাম উদ্দিন। তিনি সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নিজাম উদ্দিন একই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নিজাম উদ্দিনকে ধরতে অভিযান চালানো হয়। শুক্রবার সন্ধ্যার পর রামচরণ বাজার থেকে তাঁকে আটক করে পুলিশের একটি দল। তবে গ্রেপ্তারের পরপরই একদল ব্যক্তি পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তাঁর স্বজনরা পুলিশ সদস্যদের চারপাশ থেকে ঘিরে ধরেন। এই সুযোগে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
পলাতক ইউপি সদস্যকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।