
কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্য বাজারে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আজম, যা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শফিকুল ইসলাম আজম (৫২) আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সদরপুর বাজারের একটি তামাক গুদামে বসেছিলেন আজম। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেলে আশপাশের লোকজন দ্রুত সেখানে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা সেটি ফেলে রেখে গেছে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।