
রাজধানীর রমনা এলাকার একটি ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রমনা ফুটওভার ব্রিজের ওপর ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।
পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রমনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. আবুল বাশার বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্য এবং পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।