
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক স্থলবন্দর ও সীমান্তসংলগ্ন এলাকায় দেখা গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এসব নেতা নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গিয়েছিলেন।
গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্তে তাঁদের দেখা যায়।
শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। এসব পরিকল্পনার অংশ হিসেবেই পলাতক নেতারা সীমান্তসংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করছেন। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজেই।
এ ছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
ত্রিপুরার সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন এরই মধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে।
সীমান্ত পরিদর্শনে নানক-মায়াসহ শীর্ষ নেতারা
আখাউড়া সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা গিয়েছিলেন, তাঁদের কয়েকজন এর আগে গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত থেকে আটজন শীর্ষ নেতা ছিলেন।
তবে দুই সীমান্ত এলাকাতেই তাঁরা ভারতীয় নিরাপত্তাবেষ্টনীর ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকেই সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
আওয়ামী লীগের ওই নেতারা স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় কর্মকর্তারা সরাসরি সামনে থেকে না হলেও দূর থেকে তাঁদের চলাচলের ওপর নজর রেখেছিলেন।
অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, দলের অনেক নেতাকর্মী দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের কেউ কেউ দেশে ফিরে গ্রেপ্তারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েক শ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ফিরেও গেছেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ বাংলাদেশে ফিরতে শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর যাঁরা ভারতে কিংবা অন্য দেশে চলে গিয়েছিলেন, তাঁদের মধ্যেও কয়েকজন দেশে ফিরে এসেছেন।
তবে ইতিমধ্যে দেশে ফিরে যাওয়া নেতাকর্মীদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে চান না আওয়ামী লীগের নেতারা। তাঁদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।
ভারত ছাড়া অন্য দেশগুলোতে অবস্থান করছিলেন, এমন কয়েকজনও বাংলাদেশে ফিরে এসেছেন বলে জানা গেছে। তবে তাঁদের সংখ্যা খুবই কম। গত দেড় মাসে প্রায় ৩০০ তরুণ ও যুবক দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
হাসিনার প্রত্যাবর্তনের আইনি পথ নিয়ে অনিশ্চয়তা
এদিকে, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে এখনো সাড়া দেয়নি ভারত।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও জানিয়েছেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি ভারত পর্যালোচনা করছে। তবে ভারতের বিশ্লেষকেরা বারবারই স্পষ্ট করেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
অন্যদিকে, একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পাসপোর্ট বা ভ্রমণের বিকল্প নথি দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার।
ফলে আইনি প্রক্রিয়ায় ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত।