
মাদারীপুরের কালকিনিতে ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পর পৌর মাছ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন।
মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃষ্টির মতো বোমা বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।
আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ
ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তাঁরা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
কালকিনি থানার ওসি সোলায়মান মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও এসআরবি সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।