
পাবনার ঈশ্বরদীতে একটি আবাসিক ভবনে গোপনে মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১০০ লিটার তৈরি মদ, উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশের একটি তিনতলা আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জ্বল (৪৫)। তাঁদের মধ্যে জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অন্যদিকে, মো. উজ্জ্বল ওই তিনতলা ভবনের মালিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট এলাকার ওই আবাসিক ভবনে মদ তৈরির তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ভবনটিতে তল্লাশি করে বিপুল পরিমাণ জাওয়া, ১০০ লিটার তৈরি মদ এবং মদ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয়ভাবে তৈরি এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হতো। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।