
বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন। ফজলুর রহমান ভুলে গেছেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ প্রায়ই তাঁকে জুলাইয়ের বিরোধিতা করতে দেখা যায়। ফজলুর রহমান একসময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন। এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’।
আবু হানিফ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়ী হন। তবে নির্বাচিত হওয়ার পর সংসদে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। মান-অভিমানের কারণে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ জানাননি।
পোস্টের শেষাংশে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান ও রুমিন ফারহানার বক্তব্য এবং কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।