
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত কার্যালয়টিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কার্যালয়ের জানালার গ্রিল ভাঙা দেখতে পান তারা। এ ঘটনায় দুর্বৃত্তরা গ্রিল ভেঙে ভেতরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
তবে কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। তিনি বলেন, ‘কয়েলের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে গেছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগও করেননি।