
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বরে সড়কের উত্তর পাশে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে অবস্থিত এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত আগুনে কেউ আহত বা ভবনের ভেতরে আটকা পড়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।