
গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬১টি মামলা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি হাতবোমা, একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, পিস্তলের কাভার, একটি রান চাকু, একটি চাকু, একটি ধারালো ক্ষুর ও একটি স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
অভিযানে একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।