.webp)
রাজধানীর উত্তরা পশ্চিম থানার আওতাধীন একটি হোটেল কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটে অবস্থিত বেঙ্গল হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের নয়তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।