
কভেন্ট্রিকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম তিন ম্যাচেই শতভাগ জয় ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে দলের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড। এই গোলের মধ্য দিয়ে ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।
ম্যাচের ২৬তম মিনিটে আন্তোইন সেমেনিওর ক্রস থেকে হেডে বল জালে পাঠান হালান্ড। এরপর আর কোনো গোল না হওয়ায় তার ওই গোলেই জয় নিশ্চিত করে সিটি। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা।
ম্যাচ শেষে ‘ইএসপিএন ব্রাজিল’-কে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড কথা বলেন তার নতুন চুলের ছাঁট নিয়েও। মৌসুমের শুরু থেকেই ছোট চুলে মাঠে নামছেন তিনি। পরিবর্তনের প্রয়োজন অনুভব করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে হালান্ড বলেন, নতুন লুকটি তিনি উপভোগ করছেন। তবে লম্বা চুলের কথা মনে পড়ছে বলেও স্বীকার করেন তিনি। আশা, আবারও চুল বড় হবে।
সাক্ষাৎকারে উঠে আসে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গও। ওই ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন হালান্ড। নরওয়ের ফুটবল ইতিহাসে এটিকে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
হালান্ড বলেন, বিশ্বকাপে নরওয়ের সর্বশেষ ম্যাচটিও ছিল ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলকে হারাতে পারেনি এমন দলের বিপরীতে নরওয়ের এই জয় ছিল ব্যতিক্রমী। দলের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের কারণে ম্যাচটিকে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা বলেও উল্লেখ করেন তিনি। তবে ফুটবলপ্রেমী জাতি হিসেবে পরিচিত ব্রাজিলকে হারানোর জন্য রসিকতা করে দুঃখও প্রকাশ করেন নরওয়ের এই স্ট্রাইকার।