
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ে টহল পুলিশ। এ সময় পুলিশের একটি সরকারি শটগান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) ভোরে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রাত আনুমানিক সোয়া ২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় সদস্যদের নিয়ে টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি নিজেদের ছিনতাইয়ের শিকার দাবি করে পুলিশের সহায়তা চান।
অভিযোগের পর পুলিশ তাদের সঙ্গে নিয়ে হাবিব নগর রোড এলাকার একটি বাড়িতে প্রাথমিক অনুসন্ধানে গেলে আগে থেকে অবস্থান নেওয়া ১৪ থেকে ১৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা এক কনস্টেবলের কাছ থেকে সরকারি শটগানটি ছিনিয়ে নেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সদস্যদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ছিনিয়ে নেওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।