
কুমিল্লার শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে কথিত ‘জিবি’ নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ তুলে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। আন্দোলনের সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
শুক্রবার (১ মে) সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় চালকেরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।
বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন চালক বলেন, দীর্ঘদিন ধরে জোর করে টাকা নেওয়া হলেও প্রতিকার মেলেনি। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
চালকদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় হাজি জসিম উদ্দিন বলেন, ‘সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।’ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসের পর চালকেরা কর্মসূচি স্থগিত করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, ওই সড়কে দীর্ঘদিন ধরেই ‘জিবি’ নামে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে যাত্রীরা সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।